রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে এখন পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হতে থাকেন। পরে নাশকতার আশঙ্কার কথা জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে সেখানে অভিযান চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জাসদ কার্যালয়ের ভেতরে আরও কয়েক শ নেতাকর্মী অবস্থান করছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যাচাই-বাছাই করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের পর গুলিস্তান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
