নিজস্ব প্রতিবেদক
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছর ১৯ মার্চ বি ইউনিট, ২০ মার্চ সি ও ডি ইউনিট এবং ২৭ মার্চ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চ্যুয়াল বৈঠকে এসব তারিখ নির্ধারণ করা হয়। ভর্তি আবেদনসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত গুচ্ছ থেকে কোনো বিশ্ববিদ্যালয় সরে যাওয়ার ঘোষণা দেয়নি। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যুক্ত হতে পারে আরও ৩ বিশ্ববিদ্যালয়
২০২৬–২৭ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আরও তিনটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
তবে নতুন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এখনো আনুষ্ঠানিকভাবে গুচ্ছ ব্যবস্থায় যুক্ত হননি। তাঁদের শিক্ষাকার্যক্রমও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা বৈঠকে উপস্থিত ছিলেন না, কারণ তাঁরা এখনো আনুষ্ঠানিকভাবে গুচ্ছের সঙ্গে যুক্ত হননি। তবে ব্যক্তিগতভাবে তাঁরা আগ্রহের কথা জানিয়েছেন। ইউজিসির অনুমোদন পাওয়া গেলে দ্রুত তাদের গুচ্ছে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. তোজাম্মেল হোসেন বলেন, তিনটি বিশ্ববিদ্যালয়ই ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শ্রেণিকক্ষ, শিক্ষক ও জনবল নিয়োগসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গুচ্ছে রয়েছে ২০ বিশ্ববিদ্যালয়
বর্তমানে গুচ্ছ ভর্তি ব্যবস্থায় রয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
গত বছর এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে মোট আসন ছিল প্রায় ১৩ হাজার ৫০০টি। নতুন তিন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে এবারের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৩টিতে পৌঁছাতে পারে।
