গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মতিনকে আদালতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার সময় তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকজন স্লোগান দেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আবদুল মতিন টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মরকুন এলাকার মাহদী হাসান, হারুন রশীদ, জহুরা বেগম, শারমিন সুলতানা ও শাহিদা আক্তার।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, স্লোগানের ঘটনাটি থানার ভেতরে নয়, থানার সামনের এলাকায় ঘটেছে। আইনসিদ্ধ নয় এমন স্লোগান দেওয়ায় তাঁদের আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
