পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানা আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে যান। এ সময় তাঁদের একটি অংশ নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন।
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। বিক্ষোভ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কে কিছু শ্রমিককে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছেন। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের গাড়ি, বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
