বিনোদন ডেস্ক
ভারতের চণ্ডীগড়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার মঞ্জিত কৌর (২৮)-কে অপহরণের পর গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৬ আগস্ট তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রের বরাতে জানা গেছে, গত ৩ জুলাই গভীর রাতে চণ্ডীগড়ের সেক্টর-৩৪ এলাকায় একটি মদের দোকানের কাছে মঞ্জিতকে ডেকে নেন শুবি ও পিন্ডা নামে দুই ব্যক্তি। সেখানে পৌঁছানোর পর তাকে জোর করে একটি গাড়িতে তুলে মোরিন্ডায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
পরে সেখানে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে শারীরিক নির্যাতন করা হয় এবং গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে মঞ্জিতের পরিবারের অভিযোগ।
ঘটনার সময় এক ব্যক্তি মঞ্জিতকে দেখতে পেয়ে আগুন নেভান এবং তাকে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
কয়েক সপ্তাহ অচেতন থাকার পর গত ৫ আগস্ট স্বল্প সময়ের জন্য জ্ঞান ফেরে মঞ্জিতের। তখন পরিবারের সদস্যদের কাছে ওই রাতের ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ২৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের তদন্ত
মঞ্জিতের মা কান্তা দেবী এ ঘটনায় থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে সেক্টর-৩৪ থানায় অপহরণ, হত্যা ও সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শুবি ও পিন্ডাকে গ্রেপ্তারে অভিযান চলছে। চণ্ডীগড়ের সেক্টর-৩৪ থেকে মোরিন্ডা পর্যন্ত সম্ভাব্য পুরো যাত্রাপথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
তদন্তকারীরা মঞ্জিতের পরিবারের সদস্য ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত করতেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ সূত্রের দাবি, মঞ্জিত বিবাহবিচ্ছিন্ন ছিলেন এবং তার সাত বছরের একটি ছেলে রয়েছে। অভিযুক্তদের একজনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক বা লিভ-ইন সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
