রাঙ্গাবালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে। তীব্র ঢেউয়ের কবলে পড়ে রাঙ্গাবালীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও এতে থাকা ৯ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুধবার (২৩ সেপ্টেম্বর) জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল ৬টার দিকে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এ কারণে পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ঢেউয়ের কবলে ট্রলারডুবি

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

ট্রলারটিতে জহির প্যাদা, তার দুই ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ মোট ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার পর কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে।

পরে মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধার হওয়া ৯ জনকে নিরাপদে যুগিরহাওলা ঘাটে ফিরিয়ে আনা হয়। ডুবে যাওয়া ট্রলারটিও পরবর্তীতে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version