জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে শুধু সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে বিএনপিকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় এনসিপি।

বিবৃতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় দলটি। এনসিপি জানায়, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত জিয়াউর রহমানের স্মৃতির প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করছে।

এনসিপির দাবি, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ এবং জনগণের আত্মত্যাগ বারবার আঞ্চলিক পরাশক্তির প্রভাব বিস্তারের চেষ্টার মুখে পড়েছে। তবে দেশের জনগণ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিবৃতিতে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে এনসিপি বলেছে, তিনি একদলীয় বাকশালভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তবে দলটির মতে, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেই কাঠামোগত পরিবর্তন পুরোপুরি কার্যকর ও স্থায়ী করা সম্ভব হয়নি।

এনসিপি আরও বলেছে, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু দলটি সংবিধানের মৌলিক পরিবর্তনকে অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছে বলে সংস্কার করেছে এনসিপি। তাদের মতে, এ ধরনের পরিবর্তন ভবিষ্যতে আদালত কিংবা পরবর্তী সংসদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এ অবস্থায় বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে কেবল সংবিধান সংশোধনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

এনসিপি বলেছে, গণভোটের রায় অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। অন্যথায়, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের গণরায় অস্বীকার করলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version