নিজস্ব প্রতিবেদক

জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের গণপরিবহনে বিশেষ সুবিধা এবং স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার (৪ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া কার্ডধারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য সামনে রেখে ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়া কার্ডকে শুধু পরিচয়পত্র হিসেবে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে খেলোয়াড়দের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন ইভেন্টের ৩২৫ জন নির্বাচিত জাতীয় ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে প্রাথমিকভাবে ৩০০ জন নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন।

গণপরিবহনে ছাড়ের পরিকল্পনা

ক্রীড়া কার্ডধারীদের জন্য সরকারি ও বেসরকারি গণপরিবহনে ছাড়যুক্ত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বাস্থ্য ও বীমা সুবিধা

ক্রীড়াবিদদের দুর্ঘটনা, চিকিৎসা ব্যয় ও জীবনের বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় বিশেষ স্বাস্থ্যসেবা, জীবনবীমা ও ঝুঁকিবীমার আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলোকে অংশীদার হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআইডব্লিউটিএর সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, ডিএমটিসিএলের পরিচালক মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version