সুস্থতা ডেস্ক
গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি এখন ছোট-বড় অনেকেরই পরিচিত সমস্যা। খাদ্যাভ্যাসের অনিয়ম, অতিরিক্ত তেল-মসলা কিংবা কিছু খাবার অনেকের ক্ষেত্রে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে। আবার কিছু সহজপাচ্য খাবার এ ধরনের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেনের পরামর্শ অনুযায়ী, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খাবার নির্বাচনে কিছু বিষয় খেয়াল রাখা দরকার।
যেসব খাবারে গ্যাস বাড়তে পারে
আটা-ময়দার খাবার
আটা ও ময়দার তৈরি খাবার কিছু মানুষের ক্ষেত্রে গ্যাসের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে যাঁদের হজমের সমস্যা রয়েছে, তাঁদের এসব খাবার খাওয়ার পর অস্বস্তি হতে পারে।
বেশি ঝাল-মসলা
অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজ, রসুন, হলুদ, কাঁচা মরিচ ও অতিরিক্ত লবণ-তেলযুক্ত খাবার অনেকের অ্যাসিডিটি বাড়াতে পারে।
অতিরিক্ত তেল ও ভাজাপোড়া
তেলে ভাজা ও ভারী খাবার হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে। তাই চপ, শিঙাড়া, লুচি, পরোটা, ফ্রেঞ্চ ফ্রাই, বিরিয়ানি ও পোলাওয়ের মতো খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অতিরিক্ত শাক
শাকে আঁশের পরিমাণ বেশি হওয়ায় অতিরিক্ত খেলে কিছু মানুষের পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে রাতে বেশি শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
দুধ ও দুধজাত খাবার
যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাঁদের দুধ ও দুধজাত খাবার খেলে অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি হতে পারে। দুধ চাও একই কারণে সমস্যা বাড়াতে পারে।
গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে কী খাবেন
সহজপাচ্য খাবার
ভাতের সঙ্গে মাছের পাতলা ঝোল, পাতলা ডাল ও হালকা রান্না করা সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
লাউ, পেঁপে, চালকুমড়া, ঝিঙে, চিচিঙ্গা, মিষ্টিকুমড়া ও ঢ্যাঁড়সের মতো সবজির পাতলা ঝোল সহজপাচ্য খাবারের তালিকায় রাখা হয়েছে। শাকের মধ্যে লালশাক ও পুঁইশাকও খাওয়া যেতে পারে।
ফল
পাকা পেঁপে, কলা, বেল, তরমুজ, বাঙ্গি ও আঙুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টক দই ও পানি
প্রতিদিন পরিমিত পরিমাণে টক দই খাওয়ার পরামর্শ রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাও গুরুত্বপূর্ণ।
ভেষজ উপাদান
দারুচিনি, মৌরি ও এলাচি পানিতে ভিজিয়ে বা সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টি কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
পান্তা ভাত
সঠিক নিয়মে তৈরি পান্তাকে প্রোবায়োটিক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাত ৭–৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে খাওয়ার সময় ভিজিয়ে রাখা পানিও ফেলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে গ্যাস্ট্রিকের সমস্যা বারবার হলে শুধু খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।01
