ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে কলেজ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের পরিবর্তে কলেজের সামনের প্রধান সড়কে নবীনবরণ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেসি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে কলেজ ছুটির ঘোষণা দেওয়া হয়।
ফলে নির্ধারিতভাবে ক্যাম্পাসের ভেতরে অনুষ্ঠান করতে না পেরে কলেজের সামনের সড়কে কর্মসূচি পালন করে ছাত্রশিবির। এ সময় সড়কের ওপর একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, নবীনবরণ আয়োজনের অনুমতি থাকার পরও অনুষ্ঠানটির দিন কলেজ বন্ধ ঘোষণা এবং প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে। তারা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
সড়কের কর্মসূচি শেষে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে নবীন শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। সেখানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
