কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে নগরী ও জেলার ১৮ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর গ্যাং সংস্কৃতি দমনে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৫ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এতে অংশ নেন।
তিনি জানান, নগরী ও বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে বিশেষভাবে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৩৬৩ জনকে আটক করা হয়।
আটকদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

