কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেক আকাশ কর্মসূচি সঞ্চালনা করেন।

এতে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় তাঁদের প্রতিবাদ কর্মসূচি পালন করতে হচ্ছে।

বাংলা বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মোসাব আহমেদ সোহাগ অভিযোগ করেন, অভিযুক্তদের কিশোর প্রমাণ করার চেষ্টা চলছে। তাঁদের প্রকৃত বয়স নির্ধারণে বায়োলজিক্যাল পরীক্ষা করিয়ে আইন অনুযায়ী বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শানীন অশ্রু বলেন, অভিযুক্তরা ১৮ বছরের কম বয়সী হলেও প্রচলিত আইন সংশোধনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রহসন তাঁরা মেনে নেবেন না বলেও জানান তিনি।

অভিযুক্তদের বয়সের বিষয়টি সামনে এনে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার বিরোধিতা করেন এই শিক্ষক। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলা বলেন, একটি সুষ্ঠু সমাজ গড়তে বিচারব্যবস্থার যথাযথ বাস্তবায়ন জরুরি। অপ্রতিম হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা এবং বয়সের অজুহাতে কোনো অভিযুক্ত যেন আইনের আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যা মামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version