ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিউর রহমান রুমান।
বিএনপি ১৩তম সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পর কিশোরগঞ্জে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মাছের পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন।
এরপর দুপুর ১টার দিকে অষ্টমিতার জর্জ ইনস্টিটিউশনের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন এবং জাতীয় মৎস্য পুরস্কার বিতরণ করবেন।
দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদ্রি ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Source: https://www.bssnews.net/news-flash/415021
