নিজস্ব প্রতিবেদক

টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ২০১৮ সালের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়।

কারাগারে পাঠানো অপর তিনজন হলেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ। একরামুল হত্যার সময় তাঁদের মধ্যে মাহবুব আলম ও মিফতাউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় এবং আনোয়ার লতিফ খান কর্নেল পদে ছিলেন।

আদালত একই সঙ্গে পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন। অপর দুজন হলেন লেফটেন্যান্ট কমান্ডার আশেক উর রহমান ও সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নজমুস সাকিব মাহমুদ।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, চার আসামির বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরে তাঁদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। একই সঙ্গে পলাতক সাত আসামির বিরুদ্ধে জারি করা পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদনও দাখিল করে রাষ্ট্রপক্ষ।

শুনানি শেষে ট্রাইব্যুনাল চারজনকে কারাগারে পাঠানোর পাশাপাশি পলাতক আসামিদের আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে টেকনাফের একটি সড়ক থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে তাঁকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়।

এই মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে বেআইনি আটক, অপহরণ, কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজানো, হত্যা এবং হত্যায় সহায়তা, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version