ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে সেখানে পৌঁছেছিলেন তাঁরা।

গ্রেপ্তারের আশঙ্কা নিয়েও বিক্ষোভে যাওয়ার ঘোষণা

দিল্লিতে যাওয়ার আগে অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হতে হলেও তিনি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, নিরাপত্তার বিধিনিষেধ আরোপ করে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে সরকার।

নিরাপত্তা বাহিনীর ব্যাপক মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরব হওয়া তরুণ ও সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছে সরকার।

দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা, ব্যাপক ধরপাকড়

সিজেপির ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়। গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড বসিয়ে যানবাহন তল্লাশি ও মানুষের চলাচলে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ছাড়া মেট্রো পরিষেবায় বিধিনিষেধ, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ঘোষিত এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা তৎপরতা বেড়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও যুগান্তর।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version