এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অযথা একটি বছর নষ্ট হওয়া ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬৫ কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ফেল করে বছর নষ্টের সুযোগ আর নয়

শিক্ষামন্ত্রী বলেন, বছরের পর বছর পরীক্ষায় ফেল করার প্রবণতা চলতে পারে না। শিক্ষার্থীদের অহেতুক সময় নষ্ট বা একটি বছর পার করার সুযোগ আর দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যারা সাধারণ শিক্ষাধারায় এগিয়ে যেতে পারবে না, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার দিকে পরিচালিত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

নৈতিক শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব

নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সরকারের উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, একটি প্রজন্মকে নৈতিক ও সামাজিকভাবে উন্নত করতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ চালু করা হয়েছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।

ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version