সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এই কর্মসূচির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট বা অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি করে বারবার দাম বাড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে তাঁদের সমস্যার সমাধান করতে হবে।

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগ

জ্বালানিমন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকট, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং আমদানির উৎস নিয়ে অনিশ্চয়তার কারণে এলপিজি সরবরাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতেও ভোক্তাদের জন্য সহনীয় দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

দীর্ঘমেয়াদে সরবরাহের ঘাটতি এড়ানো এবং আগামী বছর পর্যাপ্ত এলপিজি নিশ্চিত করার কৌশল নিয়েও অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনা হবে বলে জানান তিনি।

কৃত্রিম সংকট ঠেকাতে বাজার তদারকি

বাজারে ডিলার পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে সক্রিয় করা হয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের তুলনায় ভারতে এলপিজির দাম কম হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দেশটিতে সরকার ভর্তুকির মাধ্যমে নির্দিষ্ট কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের জন্য গ্যাসের দাম কম রাখে। বাংলাদেশে এ ধরনের ভর্তুকি নেই। এখানে বেসরকারি আমদানিকারকেরা এলপিজি আমদানি করে উন্মুক্ত বাজারে বিক্রি করেন। ফলে আন্তর্জাতিক বাজারের দামের প্রভাব দেশের বাজারেও পড়ে।

ধর্মঘটের বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এলপিজির সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সরকার। তবে দাবি আদায়ের জন্য ধর্মঘট করে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না।

তিনি জানান, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এলপিজি আমদানি করে এবং বিইআরসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এর দাম নির্ধারণ করে।

ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার প্রস্তুত থাকলেও বাজারব্যবস্থার অপব্যবহার বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানান বাণিজ্যমন্ত্রী।

১৫ ও ১৬ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

গত সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, দাবি পূরণ না হলে দুই দিনের কর্মসূচির পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

এই পরিস্থিতিতে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করে সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল করার কৌশল নিয়ে আলোচনা করেছে সরকার।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version