ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচের মতে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দৃশ্যমান হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে সঠিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জন এফ ড্যানিলোভিচ।

পোস্টে তিনি বলেন, ইশরাক হোসেনের কর্মকাণ্ডের পর তাঁর পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের সদস্যদের তাঁদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাংলাদেশের ভবিষ্যৎকে অতীতের চেয়ে ভিন্ন পথে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

জন এফ ড্যানিলোভিচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ডেপুটি চিফ অব মিশন বা উপ-রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো হিসেবে কাজ করছেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র তাঁর পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানানো হয়।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version