মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতা নিয়ে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ওই উদ্ধৃতিতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার ক্ষেত্রে ক্ষমতার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উদ্ধৃতিটি পোস্ট করেন নুসরাত খান। পোস্টে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেন তিনি।
উদ্ধৃতিতে লেখা হয়েছে, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’
এর বাংলা অর্থ—‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় শক্তিই হলো ক্ষমতা।’
উদ্ধৃতিটি মার্টিন লুথার কিং জুনিয়রের। ১৯৬৭ সালের ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে দেওয়া ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শীর্ষক ভাষণে তিনি এ বক্তব্য দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সংবাদ সম্মেলনে ইশরাক জানান, তাঁর কোনো কর্মকাণ্ডের কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়ালে চলে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
