মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ইশরাক।
পদত্যাগের ঘোষণা দিয়ে ইশরাক জানান, তিনি সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখবেন।
