ইরানের জনগণ নানা চাপ, সংঘাত ও প্রতিকূলতার মধ্যেও নিজেদের অবস্থানে অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। নিউইয়র্কে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণ কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা উঁচু করে রয়েছে। আন্তর্জাতিক ফোরামগুলোতে তিনি ইরানের অবস্থান ও জনগণের দুর্ভোগ তুলে ধরবেন বলেও জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইরানের পরিস্থিতি তুলে ধরতে জাতিসংঘের এই মঞ্চকে কাজে লাগানো হবে। একই সঙ্গে প্রতিপক্ষদের জানানো হবে, বিভিন্ন চাপ ও সংঘাতের মধ্যেও ইরানের জনগণ তাদের অবস্থান ধরে রেখেছে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটেই পেজেশকিয়ানের এই সফর হচ্ছে। সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত আরও বিস্তৃত হয় এবং ছয় মাসেরও বেশি সময় ধরে তা অব্যাহত রয়েছে।
এদিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির মূল প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে। তবে তাদের চলাচল ও অন্যান্য কর্মকাণ্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলছে।
পেজেশকিয়ানের সফর এমন এক সময়ে হচ্ছে, যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
