কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের করিডরে ছাত্রশিবিরের এক নেতাকে ছাত্রদলের এক নেতার থাপ্পড় দেওয়ার অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিমকে। সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক কাজী মোস্তফা আরিফ এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মামুন আল রশীদ।

কমিটিকে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হলের প্রভোস্টও আলাদাভাবে একটি তদন্ত কমিটি গঠন করবেন। তদন্তের মাধ্যমে ঘটনায় কারা দায়ী, তা শনাক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে, ঘটনার পর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে রাতে মাইকিং করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শহীদ জিয়াউর রহমান হলের করিডরে দুই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রদলের এক নেতা ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ছড়িয়ে পড়লে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের স্থানীয় দুই কর্মী শাহিদুল ও বাবলু আহত হন। তাঁদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েকজনকে লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় বলে জানা গেছে। এ ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version