কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছে। নির্গত গ্যাসে আগুন ধরে যাওয়ায় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত ২৭ অক্টোবর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় এক হাজার ফুট গভীরতায় নলকূপ খননের পর ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়।
ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
১৫ দিনের মধ্যে কমতে পারে আগুনের প্রবাহ
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত গ্যাসের নির্গমন উন্মুক্ত রাখা হয়েছে। এতে আগুনের প্রবাহ নিয়ন্ত্রণে রাখা এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অগ্নিনির্বাপণ এবং গ্যাসের প্রবাহ বন্ধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
নিরাপত্তায় ১০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, ঘটনাস্থলের আশপাশে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ এবং দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
