ক্রীড়া প্রতিবেদক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুনভাবে কাজ করছে। এর মূল লক্ষ্য খেলাধুলাকে তরুণদের জন্য একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
বগুড়ায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ
বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বগুড়ায় দ্রুত একটি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং শিগগিরই এর বাস্তবায়ন শুরু করা হবে।
এ ছাড়া বগুড়ার মাঠে দর্শকদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মাঠের চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে। এতে ভবিষ্যতে দর্শকেরা স্বাচ্ছন্দ্যে বসে খেলা উপভোগ করতে পারবেন।
খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান
নিজের পুরোনো স্মৃতির কথাও অনুষ্ঠানে তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের আগে তিনি নিজে এই মাঠে এসে খেলেছিলেন। একই মাঠে এবার ফাইনাল ম্যাচ দেখতে ও পুরস্কার বিতরণ করতে পেরে তিনি আনন্দিত।
দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলার সুযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সুস্থ ও সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণদের প্রযুক্তি ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রেখে মাঠমুখী করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
চ্যাম্পিয়ন বগুড়া সিটি করপোরেশন
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
