দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে অর্থপাচার ও সংশ্লিষ্ট সম্পদের বিষয়ে তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধিদের একজন হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
