নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক উপমন্ত্রী, পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় রিজভী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে আস্থাশীল ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন রিজভী।
তিনি আরও বলেন, সংসদ সদস্য ও সরকারের উপমন্ত্রী হিসেবে আব্দুল হাই নিজ এলাকা মুন্সিগঞ্জসহ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছেন। জনঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তাঁর পরিচিতি ছিল। বাক্স্বাধীনতা, ব্যক্তি-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী।
শোকবার্তায় রিজভী বলেন, আদর্শনিষ্ঠ এই রাজনীতিবিদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুও পৃথক শোকবার্তায় আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
