রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। ভিএফএক্স ও পোস্ট-প্রোডাকশনের কাজ আরও নিখুঁতভাবে শেষ করতে সিনেমাটির মুক্তির তারিখ প্রায় পাঁচ মাস পিছিয়ে ২৬ মার্চ ২০২৭ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন মুক্তির তারিখের বিষয়টি জানান নির্মাতা রায়হান রাফি।
এর আগে ১৬ অক্টোবর ২০২৬ সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে গিয়ে তাড়াহুড়ো করলে সিনেমার কাঙ্ক্ষিত মান বজায় রাখা কঠিন হতে পারে বলে মনে করছেন নির্মাতা। তাই দর্শকদের প্রত্যাশা অনুযায়ী কাজ শেষ করার জন্য আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রায়হান রাফি জানান, ‘আন্ধার’ তার ক্যারিয়ারের দীর্ঘ সময় ধরে শুটিং করা এবং সবচেয়ে যত্ন নিয়ে নির্মাণ করা চলচ্চিত্রগুলোর একটি। দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সিনেমাটির নির্মাণ ও পোস্ট-প্রোডাকশনে বাড়তি সময় দেওয়া হচ্ছে।
নতুন মুক্তির তারিখ হিসেবে ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বেছে নেওয়ার পেছনেও রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা। নির্মাতার মতে, অক্টোবরের নির্ধারিত তারিখ থেকে সরে আসার পর এমন একটি সময় বেছে নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে আবার মুক্তির তারিখ পরিবর্তনের প্রয়োজন না পড়ে।
সিনেমাটির মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। চিত্রনাট্যে তাঁদের সঙ্গে রয়েছেন আদনান আদিব খান।
‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
দর্শকদের মধ্যে সিনেমাটি ঘিরে আগ্রহ থাকলেও এখন নতুন করে অপেক্ষা করতে হবে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত।
