আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ উন্মুক্ত করার পর পুরোনো মডেলের কিছু আইফোনে বিভিন্ন সমস্যার অভিযোগ উঠেছে। ব্যবহারকারীদের কেউ কেউ জানিয়েছেন, নতুন সফটওয়্যার ইনস্টলের পর ফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না। আবার কারও অভিযোগ, ফোনের গতি কমে গেছে এবং বিভিন্ন অ্যাপের অ্যানিমেশন কাঁপছে।

অ্যাপল ১৪ সেপ্টেম্বর আইফোনের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করে। নতুন আইফোন ১৮ সিরিজে এই অপারেটিং সিস্টেম বিল্টইনভাবে থাকলেও পুরোনো মডেলের আইফোনেও এটি ইনস্টল করা যায়।

রেডিটে প্রকাশিত বিভিন্ন পোস্টে ব্যবহারকারীরা জানিয়েছেন, ফোনের পর্দার কিছু অংশে স্পর্শ করার পর মাঝে মাঝে সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সোয়াইপ করার সময় এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে ফোন ধীর হয়ে যাওয়ার অভিযোগও করেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সমস্যা নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে কয়েকজন ব্যবহারকারীর অভিজ্ঞতায় দেখা গেছে, আইফোন রিস্টার্ট করার পর স্পর্শনির্ভর পর্দার সমস্যা সাময়িকভাবে ঠিক হয়েছে। আবার কেউ কেউ জানিয়েছেন, হোমস্ক্রিনে অতিরিক্ত অ্যাপের আইকন থাকলে অ্যাপ চালুর সময় অ্যানিমেশনে কাঁপুনি দেখা দিতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন অপারেটিং সিস্টেম ইনস্টলের পর আইফোনে পেছনে বিভিন্ন ধরনের সিস্টেম প্রক্রিয়া চলতে থাকে। ফোনের তথ্য নতুন করে সাজানো ও সূচিবদ্ধ করার মতো কাজের কারণে সাময়িকভাবে ডিভাইস ধীর হতে পারে বা অ্যানিমেশনে সমস্যা দেখা দিতে পারে।

এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমস্যাগুলো থেকে গেলে পরবর্তী সফটওয়্যার আপডেটের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version