
যশোর প্রতিনিধি
যশোরে শিশু শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল–এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে বাড়ির জানালার কাচ ভাঙার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এ বিক্ষোভ চলে।
পুলিশ ও বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, সোমবার গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে তিনি আবারও শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তিনি এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিভাবক ও এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে গোলাম রসুলের বাড়ির সামনে অবস্থান নেন। তারা বিক্ষোভ করেন এবং বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।