কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. নাহিদা বেগম বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলে অপ্রতিমকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কয়েকজনকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।
তার ভাষ্য, ওই ঘটনার কারণে যদি তার ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকে, তাহলে তিনি তা মেনে নেবেন না।
নাহিদা বেগম বলেন, “আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে? আমার ছেলেকে কেন মেরে ফেলা হলো?”
অপ্রতিমকে মাদক কারবারিদের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার মা। তিনি বলেন, তার ছেলেকে তাদের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অপ্রতিমও তাদের একজন। তবে তার দাবি, অপ্রতিম এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।
অপ্রতিমের হত্যাকাণ্ডের বিচার দাবি করে নাহিদা বেগম বলেন, তিনি শুধু নিজের ছেলের জন্য বিচার চান না। হত্যার সঙ্গে জড়িতরা ভবিষ্যতে অন্যদেরও ক্ষতি করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
