এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ১২ টাকা বাড়ানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।

এর আগে একই দিন ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

এলপিজির বাজারে কড়াকড়ি

এলপিজির দাম বাড়ার পর খুচরা বাজারে অনিয়ম ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। সংগঠনটি জানিয়েছে, বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা নিয়মবহির্ভূতভাবে মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এলওএবির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

এলওএবির তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ বর্তমানে সন্তোষজনক। সেপ্টেম্বরে দেশে ১ দশমিক ৫৬ লাখ টন এলপিজি আমদানি হয়েছে। আগস্টে আমদানি হয়েছিল ১ দশমিক ৫৮ লাখ টন। সংগঠনটির দাবি, চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত থাকায় কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।

এর আগে ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও এলওএবি নেতাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়।

এদিকে ৩০ সেপ্টেম্বর জ্বালানিমন্ত্রী অনলাইন সভায় জেলা প্রশাসকদের এলপিজির বাজার পরিস্থিতি কঠোরভাবে মনিটর করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বিইআরসি নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলওএবি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version