আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে পৃথক ঘটনায় সশস্ত্র জলদস্যুদের হাতে দুইটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই হয়েছে। জাহাজ দুটিতে মোট ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জাহাজ দুটির সব ভারতীয় নাবিকই বর্তমানে নিরাপদে আছেন।
প্রথম ঘটনাটি ঘটে ১৭ আগস্ট সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে। ক্যামেরুনের পতাকাবাহী M/V LUTUF নামের জাহাজটিতে ১০ জন ক্রু ছিলেন, যার মধ্যে ছয়জন ভারতীয়। আটজন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় এবং পরে সেটিকে সোমালিয়ার নুগাল উপকূলের দিকে নিয়ে যায়।
জাহাজটিতে ভারতীয়দের পাশাপাশি তুরস্ক ও জর্জিয়ার একজন করে নাগরিক এবং দুইজন সার্বিয়ান নিরাপত্তাকর্মী ছিলেন। জাহাজটিতে তুরস্কের অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল, যা মোগাদিশুর একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে নেওয়া হচ্ছিল বলে জানানো হয়েছে।
দ্বিতীয় জাহাজ M.T. Sibu 1-এ হামলার ঘটনা ঘটে ২০ আগস্ট ইয়েমেনের উপকূলসংলগ্ন এডেন উপসাগরে। ইরিত্রিয়ার পতাকাবাহী এই তেলবাহী জাহাজটিতে ২০ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১৬ জন ভারতীয়। ছয়জন সশস্ত্র হামলাকারী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় এবং সোমালিয়ার দিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই জাহাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, দুই জাহাজে থাকা ২২ ভারতীয় নাগরিকই নিরাপদে আছেন বলে জানা গেছে।
একই সময়ে এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলীয় এলাকায় জলদস্যুতার নতুন ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলও বাড়তি চাপের মুখে পড়ছে।
Source: www.ndtv.com
