বিনোদন প্রতিবেদক
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্তে চলচ্চিত্র অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুরসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি মামলার আসামি আশরাফুল হক ওরফে ডন হককে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তাকে আটক করতে ডিপজল সহযোগিতা করেছেন বলে আলোচনা রয়েছে। নীলা চৌধুরীর দাবি, ডিপজলের কাছে মামলার বিষয়ে কোনো তথ্য থাকলে তা তদন্তকারীদের জানানো উচিত।
তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই নিয়মিতভাবে তার সঙ্গে কাজ করতেন। সে সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকতে পারে। তাই ডিপজলকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
ডলি জহুরের ক্ষেত্রেও একই দাবি করেছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, সালমান শাহর মৃত্যুর দিন কী ঘটেছিল, তা নিয়ে ডলি জহুর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। ফলে তার কাছ থেকেও বিস্তারিত তথ্য নেওয়া উচিত।
এ ছাড়া বাদল খন্দকারসহ আরও কয়েকজনকে প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তদন্তে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাকে মামলায় আসামি করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন নীলা।
সালমান শাহ হত্যা মামলার আসামি ডন হক কীভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। পাশাপাশি ডন হককে আটকের পর সালমান শাহর মামা কুমকুম ও ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
এসব হুমকিতে বিচারপ্রক্রিয়া থামবে না জানিয়ে দ্রুত মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং বিচার শেষ করার দাবি জানান নীলা চৌধুরী।
উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, আশরাফুল হক ওরফে ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
