নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে যুবদল নেতা মো. খোকনের নামে ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি’ দেওয়ার ঘোষণা সংবলিত পোস্টার লাগানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব পোস্টার দেখা যায়। পরে পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
পোস্টারে আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী দাবি করে মাদক বিনা মূল্যে বিতরণের কথা লেখা হয়েছে। পাশাপাশি বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে বিনা মূল্যে সরবরাহ এবং ‘থানা-পুলিশ আমার ভাই’সহ বিভিন্ন আপত্তিকর স্লোগানও রয়েছে।
তবে পোস্টারে নাম ও ছবি থাকা সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন দাবি করেছেন, তাকে হেয় করতে পরিকল্পিতভাবে এসব পোস্টার লাগানো হয়েছে।
‘জামায়াতের ষড়যন্ত্র’ দাবি খোকনের
খোকন বলেন, কয়েক দিন আগে তার ছেলেকে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমের ছেলে চড় মারেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দাবি, এ কারণে প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পোস্টার লাগানোর ঘটনায় তাদের কেউ জড়িত নন।
তদন্ত করছে পুলিশ
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, পোস্টার লাগানোর বিষয়টি যাচাই করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

