সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুর ওপর চিত্রনায়িকা শামসুন্নাহার পরীমনির হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সময় ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া রিপোর্টার ও সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতির শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশ রূপান্তরের রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র রিপোর্টার আল আমিন এম তাওহীদ।
মোহাম্মদ খোকা বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা হেনস্তার অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আল আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। রাজুর ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সুষ্ঠু বিচার এবং সাংবাদিক রাজুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় মাল্টিমিডিয়া রিপোর্টার্স কাউন্সিলের উপদেষ্টা মোহাম্মদ খোকা, সভাপতি মোহাম্মদ আলী আজগর, সাধারণ সম্পাদক জি এম রাশেদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান শেখসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

