দীপাবলি উপলক্ষে প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ বোনাস দিয়েছেন ভারতের গুজরাটের এক ব্যবসায়ী। কর্মীদের প্রতি এমন উদারতায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বোনাস পেয়ে আবেগাপ্লুত হয়ে কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তিনি গুজরাটের সুরাটে একটি বস্ত্রপ্রতিষ্ঠানের মালিক। দীপাবলি উপলক্ষে নিজের প্রতিষ্ঠানের ২০ কর্মীর প্রত্যেককে এক লাখ রুপির বেশি নগদ অর্থ উপহার দিয়েছেন তিনি।
বোনাস দেওয়ার আয়োজনেও ছিল ব্যতিক্রমী পদ্ধতি। সাধারণ খামে টাকা না দিয়ে রুপালি রঙের পূজার থালায় সাজিয়ে রাখা হয়েছিল নতুন নোটের বান্ডিল। ১০ থেকে ৫০০ রুপির নোট দিয়ে সাজানো এসব থালা কর্মীদের হাতে তুলে দেন তাঁদের স্ত্রীরা।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কর্মীরা একে একে নগদ অর্থের থালা গ্রহণ করছেন। উপহার পেয়ে কেউ আনন্দে আপ্লুত হচ্ছেন, আবার কেউ আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলছেন।
কর্মীদের প্রতি এমন উদারতার কারণ ব্যাখ্যা করে রামস্বরূপ মুন্ডে বলেন, তিনি প্রতিষ্ঠানের কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখেন না; তাঁদের নিজের পরিবারের অংশ মনে করেন। দীপাবলিতে কর্মীরা যেন পরিবারের সঙ্গে আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে উৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই ছিল তাঁর উদ্দেশ্য।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ীর প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ বলেছেন, কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের কথা বিবেচনা করে এমন উপহার দেওয়া সত্যিই প্রশংসনীয়। আবার অনেকে এমন প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন।

