জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে নোটিশে।
রোববার (৮ নভেম্বর) পরীমনি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এই আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, ভিডিও, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র কিংবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শিত শৈল্পিক বা শিক্ষাগত মূল্যবিহীন কর্মকাণ্ডের ক্ষেত্রেও এই নির্দেশনা প্রযোজ্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনাকে কেন্দ্র করেই পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি সামনে এসেছে।

