দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে চারজন, সিলেট বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে।
অন্যদিকে, একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য উঠে আসছে।

