বলিউডের জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত কালজয়ী এই সিনেমা মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে আবারও বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে। ২০২৮ সালে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। স্কটল্যান্ডে আংশিক চিত্রায়িত সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে পরিচালক করণ জোহরসহ সংশ্লিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল করণ জোহরের। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত ছবিটির রাহুল, অঞ্জলি ও টিনার প্রেম, বন্ধুত্ব ও আবেগঘন গল্প দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মুক্তির পর থেকেই সিনেমাটি বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়।
সিনেমাটির বিশেষ আকর্ষণ ছিল স্কটল্যান্ডের মনোরম প্রাকৃতিক পরিবেশে ধারণ করা দৃশ্যগুলো। আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরির মতো বিখ্যাত স্থানে ছবিটির শুটিং হয়েছিল। স্কটল্যান্ডজুড়ে বড় পরিসরে চিত্রায়িত প্রথম দিকের ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে এটি অন্যতম।
এদিকে সম্প্রতি মুম্বাইয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করেন করণ জোহর। এ সময় স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক ডেভিড স্মিথও উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারত ও স্কটল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, যৌথ প্রযোজনা, নতুন প্রতিভা তৈরি এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই করণ জোহরকে ২০২৮ সালের উৎসবে সিনেমাটির ৩০ বছর পূর্তি উদযাপনের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠক শেষে জন সুইনি ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের ক্ষেত্রে স্কটল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশীদার হয়ে ওঠার সম্ভাবনা রাখে।
এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী ও পরিচালক পল রিড বলেন, বলিউডের জনপ্রিয় এই সিনেমার সঙ্গে স্কটল্যান্ডের বিশেষ সম্পর্ক রয়েছে। উৎসবের ৮১তম আসরে সিনেমাটির তিন দশক পূর্তি উদযাপন করতে পেরে তারা উচ্ছ্বসিত। এ আয়োজনে পরিচালক করণ জোহরসহ সংশ্লিষ্ট অতিথিদের উপস্থিতি প্রত্যাশা করছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২৮ সালে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তবে উৎসবের ২০২৮ সালের নির্দিষ্ট তারিখ ও প্রদর্শনীর বিস্তারিত সূচি এখনো ঘোষণা করা হয়নি।
