দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
বুধবার (৪ নভেম্বর) মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
ইকবাল সোবহান চৌধুরীকে কী কারণে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
