ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা করছে সরকার। নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমানবন্দর অবকাঠামো ও যাত্রীসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী জানান, আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে দ্রুত ১০টি ইজারা নেওয়া উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগও চলছে।
রোববার সকাল ৯টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব নেন এম রশিদুজ্জামান মিল্লাত। পরে তিনি মন্ত্রণালয় ও অধীন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো বলে জানান তিনি। কাজের সুবিধার্থে সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে থেকে কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।
প্রচলিত আমলাতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ভালো কাজের মূল্যায়ন করা হবে এবং খারাপ কর্মদক্ষতার জন্য জবাবদিহি নিশ্চিত করা হবে।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় পদার্থ পরিবহন সহজ করতে ঈশ্বরদী বিমানবন্দরে আবারও ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
এ ছাড়া যশোরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় সেখানে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান মন্ত্রী।
বগুড়া বিমানবন্দর নিয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্ব সমন্বিত টিমের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে চায়।

