ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।
বিষয়টি নিয়ে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর ও জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ জানানো হবে।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও আলোচনায় রয়েছে। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ভারত এখনো তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
