বরগুনার পুলিশ লাইন্সের সামনে সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এতে বাসটির কিছু অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরটিসির বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো রোববার রাতে বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল।

রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সে থাকা সদস্যরা বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত ব্যবস্থা নেন। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version