নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বাংলাদেশি কৃষক সীমান্তসংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফের একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাদের মারধর করে। এ সময় কৃষকদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে বিএসএফ সদস্যরা সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
স্থানীয়দের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতীয় ভূখণ্ডে ফিরে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করেন।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, ঘটনার প্রতিবাদ ও বিষয়টি সমাধানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
