নিজস্ব প্রতিবেদক

হজ ২০২৭-এর নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র চার দিন বাকি। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের শেষ তারিখ। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।

গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৮৩ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন। এবার বাংলাদেশ থেকে হজ পালনের কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। ফলে এখনো বড়সংখ্যক হজযাত্রীর নিবন্ধন বাকি রয়েছে।

প্রাক্-নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের অর্থের ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্য প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় খরচ

বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।

গত বছরের তুলনায় এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের খরচ বেড়েছে। ২০২৬ সালে এই প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। এবার খাবারের জন্য ৩৯ হাজার ৫০৮ টাকা, সৌদি আরবে বিভিন্ন সেবার ব্যয় এবং বিনিময় হারসংক্রান্ত খরচ যুক্ত হয়েছে।

হজের বিমানভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমলেও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় মোট প্যাকেজের মূল্য কমেনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version