আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘অ্যালার্ট লেভেল ৩’ করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। পাশাপাশি দেশটির কিছু এলাকায় হামলার আশঙ্কা বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন এ ভ্রমণ নির্দেশনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতকে ঝুঁকির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইয়েমেন ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতার মাত্রা ‘অ্যালার্ট লেভেল ৪’ বহাল রয়েছে। এই স্তরে দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়।

হুথি-সৌদি সংঘাতের নতুন উত্তেজনা

২০১৫ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হটিয়ে দেওয়ার পর দেশটির সংঘাত আরও তীব্র হয়। পরে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্ত হয় সৌদি আরব।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করে।

২০১৭ সালের পর মক্কায় এমন সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও সতর্কতাটি কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল তাইফ ও জেদ্দাতেও।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version