নিজস্ব প্রতিবেদক
সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের মাধ্যমে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের নামে কোনো ধরনের অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক করা হবে।
রোববার (১১ অক্টোবর) দৈনিক ইনকিলাবের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন প্রশিক্ষিত কর্মীরা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ কার্যক্রমের কথা জানানো হয়।
চিঠি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে দেশের সব এলাকায় থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম একযোগে শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করে সহায়তার প্রয়োজন নির্ধারণ করা হবে।
মসজিদ-মন্দিরে প্রচারণা, টাকা না দেওয়ার আহ্বান
ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রচারণার ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
প্রচারবার্তা অনুযায়ী, মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণার মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে জানানো হবে। পাশাপাশি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে তাঁকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হবে।
এতে স্পষ্টভাবে জানানো হবে, ফ্যামিলি কার্ডের তথ্য দেওয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না।
বয়স্ক ও প্রতিবন্ধীদের তথ্য নিশ্চিত করার আহ্বান
মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দুই মিনিটের ঘোষণার মাধ্যমে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীরা যেন তথ্য সংগ্রহের কার্যক্রমে বাদ না পড়েন, সে বিষয়ে খোঁজ রাখার আহ্বান জানানো হবে।
প্রচারবার্তায় কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথা উল্লেখ রয়েছে।
পরিবারের সঠিক তথ্য সংগ্রহ এবং কর্মসূচিকে ঘিরে প্রতারণা এড়াতে নাগরিকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
