বিনোদন ডেস্ক
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজ নয়, নতুন একটি বিজ্ঞাপনকে ঘিরে আলোচনায় এসেছেন। স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ ‘নোভিগ’-এর প্রচারণায় প্রায় নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘ইউফোরিয়া’খ্যাত এই অভিনেত্রী। বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বিজ্ঞাপনে সুইনিকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে দেখা গেছে। কখনো বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ আড়াল করেছেন তিনি, আবার কখনো হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট ও হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করেছেন।
শুধু বিজ্ঞাপনের মুখ হিসেবেই নয়, নোভিগের সঙ্গে ব্যবসায়িকভাবেও যুক্ত হয়েছেন সুইনি। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হওয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারও হয়েছেন।
এক বিবৃতিতে সুইনি বলেন, এই প্রচারণার উদ্দেশ্য ছিল মজার একটি ধারণাকে সামনে আনা। তাঁর ভাষায়, সব ধরনের বাড়তি বিষয় সরিয়ে দর্শকের মনোযোগ পুরোপুরি খেলাধুলার দিকে নেওয়াই ছিল মূল ভাবনা।
বিজ্ঞাপনের শুরুতে সুইনিকে বলতে শোনা যায়, খেলাধুলা সম্পর্কে দর্শক কতটা জানেন, তা প্রমাণ করার আহ্বান জানিয়ে। এরপর তাঁকে বাস্কেটবল হুপের ওপর বসে থাকতে দেখা যায়। শরীরের কিছু অংশ আড়াল করতে ব্যবহার করা হয় বাস্কেটবল ও ফুটবল।
এরপর বিজ্ঞাপনে একের পর এক ভিন্ন স্পোর্টস সরঞ্জাম ব্যবহার করেন সুইনি। কোথাও হকি সরঞ্জাম, কোথাও ফুটবল প্যাড, আবার কোথাও বেসবল ক্যাচারের হেলমেট ব্যবহার করতে দেখা যায় তাঁকে। শেষদিকে নোভিগের জার্সিতেও দেখা যায় এই অভিনেত্রীকে।
নতুন এই অ্যাপ কী?
নোভিগ সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে অংশ নিতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হয়। আধুনিক আর্থিক বাজারের ট্রেডিং পদ্ধতির সঙ্গে খেলাধুলাভিত্তিক প্রেডিকশন মার্কেটের ধারণার সমন্বয় করেছে প্রতিষ্ঠানটি।
খোলামেলা বিজ্ঞাপনে সুইনি নতুন নন
খোলামেলা উপস্থাপনার বিজ্ঞাপনে সিডনি সুইনির উপস্থিতি এবারই প্রথম নয়। চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্ন’ চালুর পর এর প্রচারণার একাধিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।
এর আগে গত বছর আমেরিকান ইগলের জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করেন সুইনি। ওই বিজ্ঞাপনের ‘গুড জিনস’ শব্দবন্ধ নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।
অভিনয়েও ব্যস্ত সময়
ব্যবসায়িক ও বিজ্ঞাপনী কাজের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সুইনি। ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর এর সিকুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’-এ দেখা যাবে তাঁকে।
‘এনিবডি বাট ইউ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। তুলনামূলক কম বাজেটের ওই রোমান্টিক কমেডি বিশ্বব্যাপী প্রায় ৪০ কোটি ডলার আয় করে বক্স অফিসে বড় সাফল্য পায়।
সুইনির সামনে আরও রয়েছে নেটফ্লিক্সের ‘গান্ডাম’ এবং স্টুডিওক্যানালের ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’।
সূত্র: ভ্যারাইটি
