সামাজিক কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গোপন রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। আগের সরকারের সাহস থাকলে বিদেশে পালিয়ে না থেকে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়া উচিত ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। যারা ক্ষমতায় থেকে গুলি করে মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ লুট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতেই জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচারের সহযোগীরা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে তারা সামাজিক অস্থিরতা তৈরি ও দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।

বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে রাজপথে আন্দোলন করেছে। দলের বহু নেতাকর্মী গুম ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে যায়নি।

পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কচু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদল সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version