নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং ঘটনাটির সঙ্গে চাঁদাবাজিরও কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানান, রাজধানীর ইসিবি এলাকায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
স্টুডিওতে ব্যাপক ভাঙচুর
সালমান মুক্তাদির জানান, শনিবার রাতে রাজধানীর ইসিবি এলাকার নিউগিনি প্রপার্টিজে থাকা তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নাকাটি করতে দেখা যায়।
ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, হামলার ঘটনায় তাঁদের স্টুডিও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে পুলিশ বলছে, হামলার মূল লক্ষ্য সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না। পাশের জমির মালিকানা নিয়ে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।
